ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় এলাকায় এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ ও সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও, প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় এলাকায় এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ ও সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও, প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় কারাগারে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– নিশান শেখ, শাহিন শেখ (২১), জয় শেখ (২৪), রহিম মোল্লা (২৩), মনির (২৭), হৃদয় (২০), ইলিয়াস (২৭) এবং মোস্তাক (২৬)। এদের সবার বাড়ি সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে পাল্লাডাংগী ধলার মোড়ে ঘুরতে আসেন ভুক্তভোগী তরুণী। বন্ধু আসার আগেই তিনি নদী পার হয়ে পদ্মার চরের কাশবনে ঘুরতে থাকেন। এ সময় ওই ৮ যুবক তরুণীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেন।

ঘটনা জানাজানি হলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে শাহিন শেখকে গ্রেফতার করে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

পরে তার দেওয়া তথ্য এবং পুলিশি তদন্ত শেষে ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ কমে আসবে বলে মনে করেন তিনি।

/এএম

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ