কার্টুন: এআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
কলেজের সামনে বিশাল সাইনবোর্ড ‘হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ’। ভেতরে ঢুকে উপাধ্যক্ষ সাহেবকে পেলাম।
— স্যার, এ বছর কতজন ভর্তি হয়েছে?
— এটা অধ্যক্ষ সাহেব বলতে পারবেন।
— তিনি কোথায়?
— তাঁকে পাওয়া যাচ্ছে না।
— শিক্ষার্থী কতজন সেটাও জানেন না?
— আমি তো উপাধ্যক্ষ। সব জানলে তো আমিই অধ্যক্ষ হতাম!
— কলেজে ক্লাস হয়?
— অবশ্যই। কলেজ তো চালু আছে। তালা খোলা হয়, ঘণ্টা বাজে।
— কিন্তু ছাত্র তো দেখছি না!
— সব কার্যক্রম কি চোখে দেখা যায়? কিছু কার্যক্রম কাগজে-কলমে, ফাইলে, বিলের ভাউচারে চলে। ওগুলো চোখে দেখা যায় না, অডিটে দেখা যায়।
— তাহলে শিক্ষার্থীরা কোথায়?
— আসার কথা। আমরা রাস্তার দিকে তাকিয়ে আছি। এবার কেউ আবেদন করেনি, তবে আশা ছাড়িনি।
— ১৫০টা আসন যে!
— আসনগুলো একদম রেডি। ছাত্র এলেই বসবে। না এলে কোচিং চলবে। আসন তো আর বেকার বসে থাকতে পারে না!
২৯৩টা কলেজে কেউ পাস করেনি। মানে জিরো। গোল্লা। তারা পরীক্ষা দিতে গিয়েছিল পাস করার জন্য নয়, শূন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ার জন্য। এবং তারা সফল। শতভাগ সফল!
আমাদের শিক্ষাব্যবস্থায় এখন সবচেয়ে অনিশ্চিত উপাদানের নাম ‘শিক্ষার্থী’। ভবন বানানো যায়, ১৪টা পদ সৃষ্টি করা যায়, ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া যায়, নামের আগে ‘হার্ভার্ড’ ‘ইন্টারন্যাশনাল’, ‘অক্সফোর্ড’ ‘নাসা’ লাগানো যায়? শুধু শিক্ষার্থীকে পাস পাস করানো যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। আরও কঠিন হয়ে উঠছে মানসম্মত শিক্ষার নিশ্চয়তা।
এবারের মাধ্যমিকের হিসাবটা শুনুন, হাসতে হাসতে কান্না পাবে। পাস করেছে ১১ লাখ; আর একাদশে আসন আছে ২৬ লাখ! মানে, একজন পাস করলে তার জন্য দুটি করে আসন বরাদ্দ! একটাতে সে বসবে, আরেকটাতে তার ব্যাগ বসবে! ১৬ লাখ আসন খালি! বলি কী, আসন আরও বাড়ান। ১৬ লাখ আসন একা একা লোনলি ফিল করছে, ওদের সঙ্গী দরকার।
আর এইচএসসির রেজাল্ট? আহা, সে এক ইতিহাস! ২৯৩টা কলেজে কেউ পাস করেনি। মানে জিরো। গোল্লা। তারা পরীক্ষা দিতে গিয়েছিল পাস করার জন্য নয়, শূন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ার জন্য। এবং তারা সফল। শতভাগ সফল!
এক কলেজে শিক্ষক ১৪ জন, ছাত্র ১ জন। রেজাল্টের দিন দেখা গেল, সেই একজনও ফেল! এমন ফলের পর শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ে নতুন গবেষণা হতে পারে—শিক্ষার্থী একজন হলে তাঁকে পাস করানোর দায়িত্ব কি ১৪ জনের, নাকি ফেল করার দায়ও ভাগাভাগি করে নেওয়ার সুযোগ আছে?
এক শূন্য পাসের কলেজে আবার অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন হয়েছে! চিন্তা করুন—ক্লাসরুমে পাস বানাতে পারেনি, তাই রাস্তায় ব্যানার বানাচ্ছে। ব্যানারের লেখা বদলাবে, চেয়ার বদলাবে, শুধু রেজাল্টশিটটা বদলাবে না। ওটা পরের বছরের জন্য তোলা থাকবে।
আমাদের হিসাব-নিকাশও দারুণ। কয়টা প্রতিষ্ঠান, কয়টা ভবন, কয়টা আসন—সব গোনা যায়। শুধু ‘পড়াশোনা কেমন হচ্ছে’ জিজ্ঞাসা করলেই ক্যালকুলেটর হ্যাং হয়ে যায়। ‘এরর ৪০৪, মান খুঁজে পাওয়া যায়নি।’
একটা নতুন পুরস্কার চালু করা যায় ‘ছাত্র ছাড়াই কলেজ চালানোয় শ্রেষ্ঠত্ব’। শর্ত খুব সহজ: ভবন থাকবে, শিক্ষক থাকবে, সভাপতি থাকবে, আসন থাকবে, শুধু ছাত্র পাস করতেই হবে—এমন কোনো বাড়াবাড়ি শর্ত থাকবে না।
আমরা বরাবরই নামের খুব কাঙাল! নাম যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আর দেরি কেন? প্রতিটি উপজেলায় একটা করে ‘অক্সফোর্ড’, ‘কেমব্রিজ’, ‘এমআইটি’ খুলে ফেলা হোক। ছাত্র না আসুক, গুগল ম্যাপে অন্তত নামটা জ্বলজ্বল করবে। বিদেশিরা ভাববে, বাংলাদেশ তো শিক্ষার সুপারপাওয়ার!
শেষে হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের ১৫০টি আসনের জন্য একটু মায়া হচ্ছে। ওরা চাতক পাখি আর তীর্থের কাকের মতো চেয়ে চেয়ে রোদে শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, শুধু একজন ছাত্রের অপেক্ষায়!
শুধু পরিকল্পনাকারীদের কাছে একটি প্রশ্ন—শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বানাচ্ছেন, নাকি প্রতিষ্ঠানগুলোর জন্য শিক্ষার্থী খুঁজছেন?
হয়তো এমন একদিন আমাদের শিক্ষাব্যবস্থায় নতুন একটি ডিগ্রি চালু করতে হবে, ‘শিক্ষার্থী ছাড়া প্রতিষ্ঠান পরিচালনায় স্নাতক!’
আর আমাদের শিক্ষার্থীরাই হবে তার প্রথম ব্যাচের গর্বিত গোল্ড মেডেলিস্ট!
আরও পড়ুন
এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়
১৬ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
আপা যেভাবে দেশে ফিরতে পারেন
১৬ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
১৫ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
দিবসীকরণ
১৪ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
কাকে কীভাবে খুশি করবেন?
১২ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
করপোরেট তেল
১১ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
বেকারত্ব দূরীকরণের উপায়
১১ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট
০৯ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
আজব দেশে মীনা
০৫ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
বাঁশি যার যার, বাঁশ সবার
০৬ নভেম্বর ২০২৬
আরও পড়ুন
রসালো Billboard
০৪ নভেম্বর ২০২৬
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রস+আলো
থেকে আরও পড়ুন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
এইচএসসি পরীক্ষার ফলাফল
এইচএসসি পরীক্ষা ২০২৬
রস চিঠি
টাটকা রস+আলো
মলাট রস
বাংলাদেশ

