ছবি: ম্যাগনিফিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
ইসলামে দান-সদকা মর্যাদাপূর্ণ একটি ইবাদত। মানুষের মধ্যে দানের আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য প্রকাশ্যে দান করার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি গোপনে সদকা করারও রয়েছে বিশেষ ফজিলত।
বরং অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান করাই অধিক উত্তম। চলুন, গোপনে সদকা করার চারটি বিশেষ ফজিলত জেনে নেওয়া যাক।
১. লৌকিকতা থেকে মুক্ত রাখে
ইবাদতের অন্যতম শর্ত হলো একনিষ্ঠতা। অর্থাৎ, প্রতিটি আমল হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু মানুষের প্রশংসা, বাহবা কিংবা সামাজিক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা অনেক সময় ইবাদতের এই পবিত্র উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে।
ইসলামের পরিভাষায় একে লোকদেখানো ইবাদত (রিয়া) বলা হয়। আল্লাহ–তাআলা লোকদেখানো ইবাদতকারীদের নিন্দা করে বলেন, ‘আর যারা লোকদেখানোর জন্য আমল করে।’ (সুরা মাউন, আয়াত: ৬)
গোপনে সদকা করার মাধ্যমে রিয়ার প্রবণতা থেকে বেঁচে থাকা সহজ হয়। কারণ, মানুষের প্রশংসা পাওয়ার সুযোগ না থাকলে দানের পেছনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষাই মুখ্য হয়ে ওঠে।
গোপনে সদকা করলে দানগ্রহীতাকে মানুষের সামনে ছোট হতে হয় না। তাঁর অসহায়ত্বও অন্যের কাছে প্রকাশ পায় না। এতে তাঁর প্রয়োজন পূরণের পাশাপাশি সম্মান অক্ষুণ্ন থাকে।
আরও পড়ুন
দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না
২৪ অক্টোবর ২০২৬
২. অভাবীর সম্মান বজায় রাখে
অভাব মানুষের জীবনের একটি বাস্তবতা। কিন্তু অভাবের কারণে কাউকে যেন আত্মমর্যাদা বিসর্জন দিতে না হয়, সেদিকে খেয়াল রাখাও একজন মুমিনের দায়িত্ব।
অনেক মানুষ আছেন, যাঁরা প্রয়োজন থাকা সত্ত্বেও সংকোচে কারও কাছে হাত পাততে পারেন না। কেউ কেউ সাহায্য গ্রহণ করলেও তা প্রকাশ করতে চান না। এমন মানুষের পাশে নীরবে দাঁড়ানো মানবিক একটি কাজ।
আল্লাহবলেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭১)
গোপনে সদকা করলে দানগ্রহীতাকে মানুষের সামনে ছোট হতে হয় না। তাঁর অসহায়ত্বও অন্যের কাছে প্রকাশ পায় না। এতে তাঁর প্রয়োজন পূরণের পাশাপাশি সম্মান অক্ষুণ্ন থাকে।
৩. পাপমোচনের বিশেষ উপায়
মানুষমাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের নানা পর্যায়ে জেনে কিংবা না জেনে মানুষ অসংখ্য গুনাহে জড়িয়ে পড়ে। এসব পাপ থেকে মুক্তির জন্য আন্তরিক তওবা ও ইস্তিগফারের পাশাপাশি নেক আমলে আত্মনিয়োগ করাও জরুরি।
আরও পড়ুন
কীভাবে দান করলে সমাজ থেকে দারিদ্র্য দূর হবে
২২ মার্চ ২০২৬
কেয়ামতের দিন আল্লাহ তাঁকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যিনি এত গোপনে সদকা করেন যে তাঁর বাঁ হাতও জানতে পারে না তাঁর ডান হাত কী দান করেছে।
সহিহ বুখারি, হাদিস: ১৪২৩
সদকা এমনই একটি মহৎ আমল, যা পাপমোচনের মাধ্যম হতে পারে। হাদিসে এসেছে, ‘গোপনে সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে।’ (আল-মুজামুস সগির, হাদিস: ১০৩৪)
অন্য একটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘সদকা পাপকে এমনভাবে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪২১০)
৪. পরকালে বিশেষ আশ্রয় লাভ
কেয়ামতের দিন হবে কঠিন ও ভীতিকর। সেদিন মানুষ দুনিয়ার জীবনের প্রতিটি কাজের হিসাব নিয়ে উদ্বিগ্ন থাকবে। চারদিকে বিরাজ করবে ভয়াবহ পরিস্থিতি। এমন দিনে আল্লাহর বিশেষ আশ্রয় ও রহমত লাভ করা হবে পরম সৌভাগ্যের বিষয়।
রাসুল (সা.) জানিয়েছেন, কেয়ামতের দিন সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাঁদের মধ্যে রয়েছেন এমন ব্যক্তি, যিনি এত গোপনে সদকা করেন যে তাঁর বাঁ হাতও জানতে পারে না তাঁর ডান হাত কী দান করেছে। (সহিহ বুখারি, হাদিস: ১৪২৩)
রায়হান আল ইমরান:
আলেম, লেখক ও গবেষক
আরও পড়ুন
অন্যের অতিথি হলে মুমিন যে ৬ বিষয় মনে রাখেন
১০ অক্টোবর ২০২৬
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ইসলাম
থেকে আরও পড়ুন
ইসলামের কথা
আল্লাহর ভালোবাসা
দান সদকা
ইসলামের সৌন্দর্য

