লেবাননে সিরিয়ান শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, গৃহহীন ৭৫ টি পরিবার

লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ান শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁবু পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে ৭৫টি পরিবার। রোববার (১৫ নভেম্বর), তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

লেবাননে সিরিয়ান শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, গৃহহীন ৭৫ টি পরিবার

লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ান শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁবু পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে ৭৫টি পরিবার। রোববার (১৫ নভেম্বর), তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

লেবাননের বেকা উপত্যকার, জাহলে জেলার, বার এলিয়াস শহরে অবস্থিত ওই শিবিরে আগুন লাগে। সেখানে প্রায় ৪৮৬ জন মানুষের বসবাস ছিল। রাতের কোনো এক সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে শিবিরের তাঁবুগুলোতে।

তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, শিবিরের ৫৯টি তাঁবুই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের বরাতে জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর), স্থানীয় সময় সকালে, আগুনে ৩০টি তাঁবু ও একটি গাড়ি পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের বিবৃতিতে বলা হয়, বার এলিয়াসের সাআদা সড়কের পাশের ওই শিবিরে আগুন লাগার খবর পেয়ে কয়েকটি স্টেশনের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বার এলিয়াসের আল-নাসরা হাসপাতালে নেওয়া হয়।

এই অগ্নিকাণ্ড লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশী সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর থেকে বিপুলসংখ্যক মানুষ দেশটি ছেড়ে লেবাননে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন ধরে দেশটিতে শরণার্থীদের বসবাস, আবাসন ও মৌলিক চাহিদা পূরণ নিয়ে নানা সংকট রয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত জানুয়ারিতে, দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছিলেন। তাদের মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার জন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধিত।

এদিকে, সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ সহজ করতে উদ্যোগ নিয়েছে লেবানন সরকার। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুনে স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়।

ইউএনএইচসিআরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লেবানন থেকে ৫ লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে অথবা ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার ৩শ' জনের প্রত্যাবাসনকে স্বেচ্ছায় দেশে ফেরা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

/এআই

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ