পোল্যান্ডের ক্রাকো শহরে শনিবার একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে
ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন। তাঁদের একজনের অবস্থা সংকটাপন্ন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে জানান, তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
টাস্ক আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিহত ব্যক্তিরা সন্দেহভাজনের পরিবারের ঘনিষ্ঠ সদস্য।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি পোল্যান্ডের নাগরিক। ঘটনার সময় তাঁর পরনে সামরিক ইউনিফর্মের মতো পোশাক ছিল। সঙ্গে ‘সামরিক ধাঁচের’ অস্ত্র ছিল। ওই ব্যক্তির জব্দ করা গাড়িটি থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তি পোল্যান্ডের সামরিক বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও চিহ্নিত করেছেন।
সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভ্লাদিস্লাভ বলেন, হাসপাতালে অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তাঁদের মধ্যে একজন পুলিশও আছেন। ওই পুলিশ সদস্য হামলাকারীকে আরও গুলি চালানো থেকে ঠেকাতে ভূমিকা রেখেছেন।
গুলির ঘটনার পর সংবাদ সম্মেলন করেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে নিবৃত করেছে পুলিশ। একাধিক ব্যক্তি জড়িত ছিলেন—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্দেহভাজন হামলাকারী ‘কট্টর ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত ছিলেন।। তিনি পোল্যান্ডের নাগরিক। বয়স ২৫ বছর। তাঁর বাড়িতে তল্লাশি করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মারচিন কিয়েরভিনস্কি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এ নিয়ে তদন্ত চলছে।
গুলিতে হতাহতের ঘটনায় ক্রাকো শহরের মেয়র লুকাশ গিবালা আগামী বুধবার পর্যন্ত শোক ঘোষণা করেছেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ইউরোপ
থেকে আরও পড়ুন
হামলা
নিহত
পুলিশ
পোল্যান্ড
পুলিশ নিয়োগ
ইউরোপ
শোক
গুলি

